গাজীপুরের নাওজোড়ে লরি থেকে তেল চুরির রমরমা সিন্ডিকেট, নেপথ্যে রাজিব
প্রতিনিধি: সারোয়ার হোসেন ভুঁইয়াঃ
গাজীপুরের নাওজোড় এলাকায় মহাসড়কের পাশে অভিনব কায়দায় দূরপাল্লার কাভার্ড ভ্যান ও লরি থেকে অবৈধভাবে জ্বালানি তেল চুরির এক চাঞ্চল্যকর চিত্র হাতেনাতে ধরা পড়েছে। লরি চালকদের একাংশের সাথে যোগসাজশ করে মাঝপথেই গাড়ি থামিয়ে বিশেষ পাইপের সাহায্যে ড্রাম ও প্লাস্টিকের জারে তেল নামিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চোরাই চক্র। অনুসন্ধানে জানা গেছে, রাজিব নামের এক যুবকের নেতৃত্বে এলাকায় এই অবৈধ তেলের কারবার দীর্ঘদিন ধরে চলছে।
সরেজমিনে ও প্রাপ্ত তথ্যে দেখা যায়, নাওজোড় মহাসড়কের পাশে লরি থামিয়ে চালক ও চোরাই চক্রের সদস্যরা মিলে মূল জ্বালানি ট্যাংক থেকে সরাসরি তেল ড্রেন করছে। প্রতিদিন এভাবে হাজার হাজার লিটার ডিজেল ও পেট্রোল চুরি করে স্থানীয় বাজারে কম দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও চালকদের সাথে কথা বলে জানা যায়, সস্তায় পাওয়া এই চোরাই তেলের সাথে অনেক সময় ভেজাল মেশানো হয়। ফলে এই তেল কিনে ব্যবহার করায় একদিকে যেমন সাধারণ যানবাহনের ইঞ্জিন বিকলসহ মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
তাছাড়া, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবহুল এলাকায় ও সড়কের পাশে এভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে দাহ্য পদার্থ মজুত করে রাখায় যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাজিবের এই সিন্ডিকেটের কারণে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে গাজীপুরের নাওজোড় এলাকার এই তেল চোর চক্রের হোতাসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply