গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | মোহাম্মদ বেলাল হোসেন
সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং বহুল আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উপদেষ্টা ও দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার সম্পাদক মোঃ ফিরোজ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে গাজীপুরের মন্ডল বাড়ির ৭ম তলায় মরহুম সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম মানিক বলেন, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত দায়িত্ব পালনে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা বা হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply