সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সার ও জ্বলানী তেলের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রিয়ায এলাহী রাজন, স্টাফ রিপোর্টার,গাইবান্ধা

গাইবান্ধায় সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ, দাম কমানো, কৃষক হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“কৃষি বাঁচাও! কৃষক বাঁচাও! দেশ বাঁচাও!”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের কারণে কৃষকেরা আজ চরম ক্ষতির সম্মুখীন।

একই সাথে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সেচসহ কৃষি উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে, যা সাধারণ কৃষককে নিঃস্ব করে দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সার ও জ্বালানি তেলের দাম কমানো এবং বাজারে সারের সুষম সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা মিহির ঘোষ। সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কৃষক সমিতির সভাপতি সাদেকুর ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষক সমিতির সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি রেবতী বর্মন এবং সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আদিল নান্নু।

সমাবেশটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার।

কৃষকদের প্রশ্ন ও চরম ক্ষোভ:
সমাবেশ থেকে স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন—
“কৃষি উৎপাদন খরচ যদি এভাবে দিন দিন বাড়তেই থাকে, তবে সাধারণ কৃষক বাঁচবে কীভাবে?”

“বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করার পেছনে দায়ীদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?”

“জ্বালানি তেলের বাড়তি দামের বোঝা কি কেবলই কৃষকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে?

সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের এসব প্রশ্নের সদুত্তর না মিললে এবং অতিদ্রুত সারের দাম ও সরবরাহ স্বাভাবিক না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/